যৌতুকের লোভে বাইকের বদলে বুলেট দাবি, বিয়ের আসরেই গণপিটুনি খেয়ে শ্রীঘরে বর!
উত্তরপ্রদেশের আমেঠি জেলার কেশরিয়া সালিমপুর গ্রামে গত ১৭ মে যৌতুকের দাবিতে একটি বিয়ের অনুষ্ঠান রণক্ষেত্রে পরিণত হয়েছে। রায়বরেলী থেকে আগত বর মোহাম্মদ আমির বিয়ের আসরে হঠাৎই সাধারণ বাইকের পরিবর্তে দামী ‘বুলেট’ মোটরসাইকেলের জেদ ধরেন। কনেপক্ষ ২ লক্ষ টাকার চেক দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে বর ও তাঁর বাবা সেই চেক ছিঁড়ে ফেলেন এবং কনেপক্ষকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে কনে নিজেকে এমন লোভী পরিবার থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন এবং বিয়ে করতে অস্বীকার করেন।
এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে উত্তেজিত গ্রামবাসীরা বর ও তাঁর পিতাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বরপক্ষকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় কনেপক্ষের অভিযোগের ভিত্তিতে বর ও তাঁর বাবাসহ মোট ৭ জনের বিরুদ্ধে যৌতুক আইনে মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে বরের অভিযোগের প্রেক্ষিতে কনেপক্ষের বিরুদ্ধেও মারধরের একটি মামলা নথিভুক্ত করেছে পুলিশ।