কোটি কোটি টাকার যুদ্ধজাহাজ, তবুও মেনুতে কেন সেই একই খাবার!
বিশ্বের অন্যতম শক্তিশালী মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনে প্রতিদিন ৫,১০০ জনেরও বেশি নাবিক ও ক্রু সদস্যের জন্য প্রায় ১৭,৩০০ বেলার খাবার প্রস্তুত করা হয়। এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে জাহাজটিতে ২১ দিনের একটি কঠোর ‘ফুড সাইকেল’ বা খাদ্যচক্র অনুসরণ করা হয়, যেখানে প্রতি তিন সপ্তাহ অন্তর একই মেন্যু ঘুরেফিরে পরিবেশন করা হয়। রসদ মজুত এবং ব্যবহারের সঠিক ভারসাম্য বজায় রাখতেই এই নির্দিষ্ট খাদ্যতালিকা মেনে চলা হয়, যা একই সঙ্গে খাদ্যের অপচয় রোধ ও জাহাজের সীমিত স্টোরেজ ব্যবহারে সহায়তা করে।
মাঝসমুদ্রে হাজার হাজার মানুষের খাবারের জোগান সচল রাখতে প্রতি ৭ থেকে ১০ দিন অন্তর সহায়কমূলক যান ও বিমানের মাধ্যমে প্রায় ৩,১৭,০০০ কেজি খাদ্যসামগ্রী রণতরীটিতে পৌঁছে দেওয়া হয়। আধুনিক ব্যবস্থাপনার অংশ হিসেবে বর্তমানে উপকরণের সংখ্যা ১,২০০ থেকে কমিয়ে ৫০০-তে নামিয়ে আনা হয়েছে, যাতে খাবারে চর্বি ও সোডিয়ামসহ অন্যান্য পুষ্টিগুণের সঠিক মাত্রা নিয়ন্ত্রণ করা সহজ হয়। জাহাজের রান্নাঘর বা গ্যালি ২৪ ঘণ্টা খোলা থাকে, যেখানে পুরুষদের জন্য দৈনিক ২,৮৫০ ক্যালরি এবং নারীদের জন্য ২,১০০ ক্যালরি পুষ্টিমান নিশ্চিত করা হয়। এছাড়া গভীর রাতে ডিউটিতে থাকা কর্মীদের জন্য বিশেষ ‘মিডরাটস’ বা মধ্যরাতের রেশনেরও ব্যবস্থা রয়েছে।