নেই পড়াশোনা, নেই রোজগার! ঝাড়গ্রামে মোদীর শাসানি, তৃণমূলকে বিদায় নিতেই হবে!
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে ঝাড়গ্রামের নির্বাচনী জনসভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শাণালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবারের সভায় তিনি দাবি করেন যে, তৃণমূল সরকারের শাসনকালে রাজ্যের সাধারণ মানুষ শিক্ষা, কর্মসংস্থান ও চিকিৎসা ক্ষেত্রে চরম বঞ্চনার শিকার হচ্ছে। নারী সংরক্ষণ বিলে রাজ্যের শাসকদলের বিরোধিতার সমালোচনা করে প্রধানমন্ত্রী বাংলার নারীর ক্ষমতায়নে বাধা দেওয়ার অভিযোগ তোলেন এবং এর জবাব ব্যালট বক্সে দেওয়ার জন্য আহ্বান জানান।
উন্নয়নমূলক ইস্যুতে সোচ্চার হয়ে প্রধানমন্ত্রী অভিযোগ করেন যে, বিরহোর, টোটো ও লোধার মতো পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের জন্য কেন্দ্রীয় ‘পিএম জনমন’ প্রকল্প রাজ্যে বাস্তবায়নে বাধা দেওয়া হচ্ছে। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ‘সিন্ডিকেট রাজ’ নির্মূল করার প্রতিশ্রুতি দিয়ে তিনি ধান চাষিদের জন্য ৩১০০ টাকা সহায়ক মূল্য এবং কিষাণ সম্মান নিধি ৯০০০ টাকায় উন্নীত করার ঘোষণা দেন। এছাড়া, ‘পিএম সূর্য ঘর’ প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের বিদ্যুৎ বিল শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে তিনি দাবি করেন, কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকার থাকলে উন্নয়নের গতি ত্বরান্বিত হবে।