ধার শোধ না করায় গৃহবধূকে নৃশংস খুন, জেরা শেষে হাড়হিম করা তথ্য ফাঁস!

হাওড়ার শিবপুরে রবিবার সন্ধ্যায় ভারতী হাজরা নামে এক গৃহবধূকে খুনের ঘটনায় রাজদীপ মুখোপাধ্যায় নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওলাবিবি তলা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মধ্য হাওড়ার কাসুন্দিয়া শিবতলার বাসিন্দা ওই যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক নিজের অপরাধ স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, নিহত গৃহবধূর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং সোমবার ধৃতকে হাওড়া আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।

ধৃত রাজদীপের দাবি, তিনি ভারতী হাজরাকে চড়া সুদে দেড় লক্ষ টাকা ঋণ দিয়েছিলেন। মায়ের ক্যানসারের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সেই টাকা ফেরত চাইলে ওই গৃহবধূ তা দিতে অস্বীকার করেন এবং তাঁকে অপমান করেন। এই আক্রোশ থেকেই তিনি ওই গৃহবধূকে ডেকে এনে ছুরি দিয়ে খুন করেন বলে দাবি করেছেন। অন্যদিকে, নিহত গৃহবধূর স্বামী সুব্রত হাজরার দাবি, তাঁরা রাজদীপের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন এবং তা নিয়মিত শোধও করা হচ্ছিল। তবে রাজদীপ পুরো টাকা এককালীন শোধ করার জন্য তাঁদের ওপর মানসিক চাপ ও খুনের হুমকি দিচ্ছিলেন। উভয় পক্ষের বয়ানের এই অসংগতি এবং টাকার পরিমাণের পার্থক্যের বিষয়টি এখন তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *