৫ হাজার লোক জড়ো করার ক্ষমতা কি আদৌ আছে ফিরহাদ-অরূপদের?
তৃণমূলের অন্দরে প্রকাশ্য কোন্দল: প্রবীণ নেতাদের জনভিত্তি নিয়ে প্রশ্ন তুললেন দেবাংশু
বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল এবার প্রকাশ্যে এল। দলের শীর্ষ নেতা ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসসহ প্রবীণ নেতাদের সাংগঠনিক ক্ষমতা ও জনভিত্তি নিয়ে সরাসরি ফেসবুক পোস্টে প্রশ্ন তুলেছেন যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। সোমবার নিজের ফেসবুক ওয়ালে তিনি লেখেন, “আজকে যারা দলের লোগো হাঁকিয়ে অধিবেশন করল, তারা সবাই সম্মিলিতভাবে ডাক দিয়ে পাঁচ হাজার কর্মী একত্রিত করতে পারবে?” এই পোস্টের মাধ্যমে তিনি পরোক্ষভাবে দলের নতুন গঠিত ওয়ার্কিং কমিটির নেতাদের লক্ষ্য করেছেন বলে রাজনৈতিক মহলের ধারণা।
উল্লেখ্য, সোমবার ‘টিম ঋতব্রত’-র একটি বৈঠকে অরূপ রায়কে চেয়ারম্যান এবং ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসকে সহ-সভাপতি করে নতুন ওয়ার্কিং কমিটি গঠন করা হয়। এই কমিটি ঘোষণার পরই দেবাংশুর এমন মন্তব্য দলের অন্দরের নবীন-প্রবীণ দ্বন্দ্বকে আরও জোরালো করে তুলেছে। তৃণমূলের মূল সংগঠন ও যুব সংগঠনের এই ক্রমবর্ধমান দূরত্ব এবং সোশ্যাল মিডিয়ায় দেবাংশুর এই মন্তব্যের জেরে দলের কর্মী ও সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।