বন্ধ হচ্ছে না সামাজিক প্রকল্প, তবে জুড়ছে কড়া শর্ত! বাজেটে বড় চমক শুভেন্দুর।
কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার আজ বিধানসভায় বাজেট পেশের সময় রাজ্যে চলমান সামাজিক প্রকল্পগুলো চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে, সরকারি সুবিধা প্রকৃত অভাবী মানুষের কাছে পৌঁছে দিতে প্রকল্পের ক্ষেত্রে কড়াকড়ি ও নতুন মাপকাঠি নির্ধারণের কথা জানানো হয়েছে। দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, প্রকৃত যোগ্য ব্যক্তিরাই এবার থেকে সরকারি প্রকল্পের সুবিধা নিশ্চিতভাবে পাবেন।
নতুন বাজেটে বেকার যুবকদের জন্য ‘ভরসা কর্মসূচি’র আওতায় ২,০০০ থেকে ৩,০০০ টাকা ভাতা এবং মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা যোজনা’য় ৩,০০০ টাকা মাসিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইচ্ছুক পড়ুয়াদের ৩০,০০০ টাকা অনুদান এবং বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের টিউশন ফি বহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, স্বাস্থ্য খাতে রোগীদের দৈনিক খাবারের বরাদ্দ বৃদ্ধি, উত্তরবঙ্গে নতুন ‘এমস’ স্থাপন, রেশন ব্যবস্থায় বায়োমেট্রিক পদ্ধতি চালু, আয়ুষ্মান ভারত প্রকল্পে ৩,১০০ কোটি টাকা বরাদ্দ এবং অবসপ্রাপ্ত সাংবাদিকদের জন্য ৫,০০০ টাকা মাসিক পেনশনের ঘোষণা দেওয়া হয়েছে।