প্রথম বাজেটেই মাদ্রাসায় কোপ, সংখ্যালঘু খাতে ৬০% বরাদ্দ কমাল রাজ্য!
সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ কমল ৬০ শতাংশ, সংকটে বিভিন্ন প্রকল্প
কলকাতা: রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেটে সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষা খাতে বড় ধরনের বাজেট কাটছাঁট করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষে এই খাতের জন্য মাত্র ২,১৬৫.৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা চলতি অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেটের ৫,৭১৩ কোটি টাকার তুলনায় ৩,৫৪৮ কোটি টাকা কম। অর্থাৎ, এই খাতে বরাদ্দের পরিমাণ আগের তুলনায় প্রায় ৬০ শতাংশ হ্রাস পেয়েছে। নারীকল্যাণ, কৃষি ও মঠ-মন্দির সংস্কারে বিশেষ গুরুত্ব দেওয়া হলেও সংখ্যালঘু উন্নয়নের বিষয়ে এই বাজেটে তেমন কোনো উল্লেখ নেই।
বরাদ্দের এই বিপুল ঘাটতির ফলে রাজ্যের ৬১৪টি সরকারি স্বীকৃত মাদ্রাসার সাড়ে চার লক্ষ পড়ুয়ার শিক্ষা ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এই কাটছাঁটের প্রভাব পড়বে ছাত্রছাত্রীদের বৃত্তি, সংখ্যালঘু আবাসন প্রকল্প, মাদ্রাসা পরিকাঠামোর উন্নয়ন এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিগুলোর ওপর। এদিকে, মঠ-মন্দির ও ধর্মীয় পর্যটনে অর্থ বরাদ্দ রেখে সংখ্যালঘু খাতে এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলো। তাদের অভিযোগ, বর্তমান সরকারের এই পদক্ষেপ বিভাজনের রাজনীতিরই প্রতিফলন।