দীঘা ও দার্জিলিঙে স্পেশাল ট্রমা সেন্টার, স্বাস্থ্যখাতে বড় চমক!

পর্যটকদের জন্য ট্রমা কেয়ার সেন্টার ও স্বাস্থ্যখাতে একগুচ্ছ ঘোষণা রাজ্য সরকারের

কলকাতা: পর্যটনকেন্দ্রগুলোতে দুর্ঘটনায় আক্রান্ত পর্যটকদের শারীরিক ও মানসিক সেবায় বিশেষ উদ্যোগ নিল রাজ্যের নতুন সরকার। ২০২৬ সালের পূর্ণাঙ্গ বাজেটে স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় দীঘা, দার্জিলিং এবং ফারাক্কায় অত্যাধুনিক ‘অ্যাডভান্সড স্পেশালাইজড ট্রমা কেয়ার সেন্টার’ স্থাপনের ঘোষণা করেছেন। সম্প্রতি অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনার প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। পাশাপাশি, দীঘার মতো পর্যটনকেন্দ্রে ক্রমবর্ধমান দুর্ঘটনার বিষয়টিকে গুরুত্ব দিয়ে পর্যটকদের মানসিক শুশ্রূষার ওপর জোর দেওয়া হয়েছে।

বাজেটে স্বাস্থ্যসেবা উন্নয়নে একাধিক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের দৈনিক খাবারের বরাদ্দ সাড়ে ৫৬ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা। এছাড়া, বিভিন্ন হাসপাতালে ৫০ শতাংশ শয্যা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার জন্য সংরক্ষিত থাকবে। মেডিক্যাল ট্যুরিজম প্রসারে বাংলাদেশ, ভুটান ও ভিয়েতনামের রোগীদের জন্য পিপিপি মডেলে থাকার সুব্যবস্থা এবং দক্ষিণ ভারতে চিকিৎসাধীন বাঙালিদের জন্যও অনুরূপ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা করা হয়েছে। সেই সঙ্গে রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ এবং ‘প্রধানমন্ত্রী অমৃত যোজনা’ পুরোদমে কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে, যার মাধ্যমে রোগীরা অপারেশন ও জীবনদায়ী ওষুধে বড় অঙ্কের ছাড় পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *