মমতাকে সরাবে ঋতব্রত! কুণালের কটাক্ষে তুঙ্গে বিতর্ক
কলকাতা: তৃণমূল কংগ্রেসের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দাবির পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে সভানেত্রীর পদ থেকে অপসারণের ঘোষণা করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন একটি গোষ্ঠী। নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে রুদ্ধদ্বার বৈঠকে এই বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দল থেকে সরানোর দাবি হাস্যকর, কারণ তিনি নিজেই দল থেকে বহু আগেই বহিষ্কৃত হয়েছেন। পাশাপাশি, ঋতব্রতর গোষ্ঠীর এই বৈঠকের আর্থিক উৎস এবং এর পেছনে থাকা চক্রান্ত নিয়েও প্রশ্ন তুলে তিনি দাবি করেন, অন্যের মদতে এবং বেআইনিভাবে এই গোষ্ঠী তৃণমূলের বিরুদ্ধে কাজ করছে। তৃণমূলের এই নেতা আরও বলেন, যে তহবিলের টাকা নিয়ে এখন প্রশ্ন তোলা হচ্ছে, এক মাস আগেই ঋতব্রত সেই টাকা ব্যবহার করে নির্বাচন লড়েছেন। দল এ ধরনের কর্মকাণ্ডে বিন্দুমাত্র বিচলিত নয় বলেও তিনি জানান।