মেসি কাণ্ডে বড় স্বস্তি অরূপের, বহাল থাকল প্রাক্তন মন্ত্রীর রক্ষাকবচ!
কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দেওয়া রক্ষাকবচ বহাল রাখল ডিভিশন বেঞ্চ। ফলে যুবভারতী ক্রীড়াঙ্গন সংক্রান্ত বিতর্কিত ঘটনায় রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এখনই কোনো রকম গ্রেপ্তার বা কঠোর আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আদালতের পূর্বের নির্দেশ অনুযায়ী আগামী ১৭ আগস্ট পর্যন্ত প্রাক্তন মন্ত্রীর এই আইনি সুরক্ষা কার্যকর থাকবে।
রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানিয়ে মামলাটি করেছিলেন এই ঘটনায় অন্যতম অভিযুক্ত শতদ্রু দত্ত। শুনানিতে অভিযুক্তের আইনজীবীর দাবি ছিল, প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ থাকলেও তদন্তে গাফিলতি হচ্ছে। অন্যদিকে, অরূপ বিশ্বাসের আইনজীবীর পাল্টা যুক্তি, আদালত তদন্তের নির্দেশ দেওয়ার পর অভিযোগকারীর এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার এক্তিয়ার নেই। উভয় পক্ষের সওয়াল-জওয়াব ও তদন্তে প্রাক্তন মন্ত্রীর সহযোগিতার বিষয়টি শোনার পর আদালত আগামী ২ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।