চাপের মুখে ইস্তফা! ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন কিয়ার স্টারমার
ব্রিটেনের রাজনীতিতে বড় ধরনের রদবদল ঘটিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন কিয়ার স্টারমার। একই সঙ্গে তিনি লেবার পার্টির প্রধানের দায়িত্ব থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সোমবার ১০ ডাউনিং স্ট্রিটের সামনে এক আবেগঘন বার্তায় তিনি জানান, দেশের স্বার্থে এবং দলের অন্দরে তৈরি হওয়া তীব্র চাপের মুখে তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। রাজা তৃতীয় চার্লসকে নিজের সিদ্ধান্তের কথা জানানোর পর স্টারমার জানিয়েছেন, নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত সপ্তাহে একটি বিশেষ নির্বাচনে দলের অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহ্যামের জয়ের পর থেকেই স্টারমারের নেতৃত্ব নিয়ে দলে তীব্র জল্পনা শুরু হয়েছিল। দলীয় সদস্যদের সেই প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে স্টারমার জানান, পরবর্তী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার বিষয়ে দলের সংসদীয় সদস্যদের মতামতকে তিনি গুরুত্ব দিয়েছেন। লেবার পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিকে আগামী সেপ্টেম্বরের অধিবেশনের আগেই নতুন নেতা নির্বাচনের নির্দেশ দিয়েছেন তিনি। আগামী ৯ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে নতুন নেতৃত্বের জন্য মনোনয়ন জমা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদায়ী এই প্রধানমন্ত্রী।