পুজোর আগেই নতুন রূপে সেজে উঠছে কুমোরটুলি ঘাট!
উত্তর কলকাতার ঐতিহ্যবাহী কুমোরটুলি ঘাটকে ঢেলে সাজাতে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে একটি মেগাপ্রকল্পের কাজ চলছে। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি) এবং আদানি পোর্টস-এর মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতে এই সংস্কার কাজ পরিচালিত হচ্ছে। চলতি বছর দুর্গাপূজার আগেই পুরো প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সংস্কৃতির ছোঁয়া বজায় রেখে আধুনিক রূপ দিতে এই ঘাটে সাংস্কৃতিক মঞ্চ, ফুড কোর্ট, অত্যাধুনিক শৌচাগার এবং বোটিং-এর ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি মৃৎশিল্পীদের কাজের সুবিধার্থে সুনির্দিষ্ট জায়গা তৈরি করা হচ্ছে। পর্যটকদের জন্য বৃন্দাবনের আদলে পবিত্র বৃক্ষাঞ্চল, নজরকাড়া আলোকসজ্জা, নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে। এই উদ্যোগের ফলে কুমোরটুলি প্রতিমা তৈরির পাশাপাশি পর্যটন কেন্দ্র হিসেবেও আত্মপ্রকাশ করবে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।