অযোধ্যার রাম মন্দিরে বিপুল অর্থ তছরুপ, তদন্তে সিট! তিরুপতি মডেলে কি বদল আসছে?
অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া বিপুল অনুদান আত্মসাতের অভিযোগের তদন্তে প্রাথমিক রিপোর্ট পেশ করেছে বিশেষ তদন্তকারী দল (সিট)। মঙ্গলবার লখনউয়ে উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের কাছে এই রিপোর্ট জমা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে গঠিত তিন সদস্যের এই সিট ইতিমধ্যে তদন্তের ভিত্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ হাতে পেয়েছে। যদিও রাজ্য সরকার আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি, তবে তদন্ত প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
তদন্তকারী দলের রিপোর্টে অর্থ তছরুপের অকাট্য প্রমাণের ভিত্তিতে দানপাত্র পরিচালনার দায়িত্বে থাকা কর্মীদের অবিলম্বে সরিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে এবং আটক দুই কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করার নির্দেশ দেওয়া হয়েছে। সিট জানিয়েছে, প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ ও অলংকার সংগ্রহের তুলনায় মন্দিরের বর্তমান হিসাবরক্ষণ পদ্ধতি অত্যন্ত দুর্বল ও সেকেলে। এই স্বচ্ছতার অভাবই দুর্নীতির সুযোগ করে দিয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতে আর্থিক শৃঙ্খলা ফেরাতে সিট অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের আদলে ব্যবস্থাপনা পরিবর্তনের সুপারিশ করেছে। এজন্য মন্দির চত্বরে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে একজন পদস্থ আইএএস অফিসারকে চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে।