৩৩ ডিগ্রি গরমে হুডি ও হেডসেট! প্রেমিকের যে ভুলে ফাঁস পুণের ব্যবসায়ীর খুনের ছক
পুণের লোহাগড় দুর্গে ট্রেকিং করতে গিয়ে ২৬ বছর বয়সী ব্যবসায়ী কেতন আগরওয়ালের মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত খুনের ঘটনা বলে প্রমাণিত হয়েছে। গত ১৮ জুন এই ঘটনায় প্রাথমিকভাবে কেতনের হবু স্ত্রী সিয়া গোয়ালের বয়ান অনুযায়ী এটি দুর্ঘটনা বলে মনে করা হলেও, পুলিশের তদন্তে হত্যার চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। সিসিটিভি ফুটেজে ৩৩ ডিগ্রি তাপমাত্রার গরমের মধ্যেও হুডি ও হেডসেট পরে সন্দেহজনকভাবে একজনকে ঘুরতে দেখা যায়। তদন্তে বেরিয়ে আসে, ওই যুবক ২২ বছর বয়সী চেতন চৌধুরি, যাঁর সঙ্গে সিয়ার প্রেমের সম্পর্ক ছিল।
তদন্তে জানা গেছে, ফেব্রুয়ারি মাসে কেতন ও সিয়ার বাগদান হওয়ার পর নভেম্বরে তাঁদের বিয়ের দিন ঠিক হয়েছিল। কিন্তু সিয়া এই বিয়েতে রাজি ছিলেন না এবং তা পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। এরই জেরে প্রেমিক চেতন চৌধুরির সঙ্গে যোগসাজশে সিয়া এই খুনের পরিকল্পনা করেন। লোহাগড় দুর্গের সিসিটিভি ফুটেজে সিয়ার পিছু নেওয়া চেতনকে শনাক্ত করার পরই এই ষড়যন্ত্র ফাঁস হয়। এই ঘটনায় অভিযুক্ত সিয়া গোয়াল ও চেতন চৌধুরির বিরুদ্ধে পুলিশ খুনের মামলা রুজু করে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।