ঝড়বৃষ্টিতে সীমান্তে ডিউটি! বজ্রপাতে প্রাণ হারালেন বিএসএফ জওয়ান

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত অবস্থায় বজ্রাঘাতে বিনীতকুমার দুবে (৪৬) নামে এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে মিঠুপুর গ্রামে ৭১ নম্বর ব্যাটেলিয়নের ১০ নম্বর পোস্টে পাহারারত অবস্থায় প্রবল ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের কবলে পড়েন তিনি। প্রাকৃতিক দুর্যোগের মাঝেও কর্তব্যরত থাকাকালীন বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

উত্তরপ্রদেশের বাসিন্দা বিনীতকুমার দীর্ঘদিন ধরেই বাংলায় কর্মরত ছিলেন এবং বিএসএফ ক্যাম্পে অত্যন্ত কর্তব্যপরায়ণ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে সহকর্মী ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদ ও সংলগ্ন এলাকায় ভয়াবহ বজ্রপাতের ঘটনা ঘটছে, যা সাধারণ মানুষের পাশাপাশি সীমান্তে খোলা আকাশের নিচে পাহারারত নিরাপত্তাবাহিনীর সদস্যদের জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *