হাওড়ায় ১০০ কোটির অত্যাধুনিক রেল হাসপাতাল, সাধারণ মানুষের জন্য সুখবর!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিলান্যাসের পর হাওড়া ময়দানে নয়া ডিভিশনাল রেল হাসপাতাল তৈরির কাজ পুরোদমে শুরু হয়েছে। গঙ্গার ধারে বন্ধ হয়ে যাওয়া বার্ন স্ট্যান্ডার্ড ওয়াগন কারখানার ৫ একর জমিতে ১০০ কোটি টাকা ব্যয়ে এই হাসপাতালটি নির্মিত হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষের লক্ষ্য, আগামী এক বছরের মধ্যেই এই প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন করা।
তিনতলা বিশিষ্ট এই মাল্টিস্পেশালিটি হাসপাতালে ৩০০টি শয্যার ব্যবস্থা থাকছে। মূলত অর্থোপেডিক চিকিৎসার ওপর গুরুত্ব দেওয়া হলেও, রোগীদের সুবিধার্থে এখানে এমআরআই ও সিটি স্ক্যানের মতো অত্যাধুনিক ডায়াগনস্টিক পরিষেবাও থাকবে। ১৯৫০ সালে নির্মিত পুরনো ১৭৯ শয্যাবিশিষ্ট রেল হাসপাতালের সীমাবদ্ধতার কথা মাথায় রেখেই নতুন এই আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে।
হাওড়ার ডিআরএম বিশাল কাপুর জানিয়েছেন, এই হাসপাতাল থেকে রেলকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন। বিশেষত, আয়ুষ্মান কার্ডধারী রোগীরা এই মাল্টিস্পেশালিটি হাসপাতালে চিকিৎসার পূর্ণ সুযোগ ভোগ করতে পারবেন, যা হাওড়ার সার্বিক জনস্বাস্থ্য পরিষেবায় বিশেষ ভূমিকা রাখবে।