শ্রবণশক্তি হারানোর লড়াইয়ে পদ্মভূষণ, আবেগপ্লুত অলকা ইয়াগনিক!
মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের সংগীত জগতের কিংবদন্তি শিল্পী অলকা ইয়াগনিককে ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের অন্যতম সেরা এই নাগরিক সম্মান গ্রহণের পাশাপাশি নিজের শারীরিক অসুস্থতা নিয়েও মুখ খুলেছেন এই বিখ্যাত গায়িকা। তিনি জানান, ২০২৪ সালে তাঁর ‘সেন্সরিনিউরাল হিয়ারিং লস’ নামক এক বিরল শ্রবণজনিত সমস্যার বিষয়টি শনাক্ত হয়। চিকিৎসকদের মতে, আচমকা ভাইরাল সংক্রমণের কারণে তাঁর শ্রবণ স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ায় শব্দ শোনা ও বোঝার ক্ষেত্রে গায়িকা জটিলতার সম্মুখীন হয়েছেন।
বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা অলকা ইয়াগনিক জানিয়েছেন, তিনি এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। এই শারীরিক পরিস্থিতির কারণে কাজের ক্ষেত্রে তাঁকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। প্রচুর গানের প্রস্তাব থাকলেও নিজের স্বাস্থ্যের কথা বিবেচনা করে তিনি এখন বাছাই করা কাজই করছেন। তবে অনুরাগীদের ভালোবাসা ও প্রার্থনাই এই কঠিন সময়ে তাঁর প্রধান মানসিক শক্তি বলে জানিয়েছেন পদ্মভূষণ প্রাপ্ত এই শিল্পী।