শত কোটির বেনামি সম্পত্তির অভিযোগ, দেবরাজের জামিন খারিজেই কি বিপাকে অদিতি?
আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগে তৃণমূলের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তর একক বেঞ্চ এই নির্দেশ দেওয়ায় তাঁকে গ্রেফতারের ক্ষেত্রে আইনত আর কোনো বাধা রইল না। তবে এই একই মামলায় চার মাসের শিশু সন্তান থাকার কারণ দেখিয়ে মানবিক খাতিরে জামিন পেয়েছেন তাঁর স্ত্রী এবং রাজ্যের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সী।
মামলার শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, ভোটের আগে নিজেদের প্রকৃত সম্পত্তির পরিমাণ গোপন করতে দেবরাজ ও অদিতি অন্তত একশো কোটি টাকার সম্পত্তি বেনামে বা আত্মীয়দের নামে হস্তান্তর করেছেন। তোলাবাজি, জমি দখল এবং কালিম্পঙের ব্যাংক অ্যাকাউন্ট থেকে রহস্যজনকভাবে টাকা সরানোর মতো গুরুতর অভিযোগও উঠে এসেছে। এই মামলায় অদিতি মুন্সীকে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতার নির্দেশ দিয়েছেন আদালত। উল্লেখ্য, গত ১৯ জুন পর্যন্ত এই দম্পতির গ্রেফতারির ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ছিল, যা হাইকোর্টের আজকের নির্দেশের পর দেবরাজের ক্ষেত্রে কার্যকর রইল না।