মালদহে বজ্রপাতে মৃত ৪! দক্ষিণবঙ্গের ৪ জেলায় প্রবল ঝড়ের তাণ্ডব, জারি রেড অ্যালার্ট
মালদহে বজ্রপাতে চারজনের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দক্ষিণবঙ্গের চার জেলায় প্রবল দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে তীব্র বজ্রপাত ও বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এই জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেলে মালদহের ধুলিয়ানে গঙ্গা পারাপারের সময় বজ্রপাতে চারজনের মৃত্যু হয় এবং অন্তত ৩৫ জন যাত্রী আহত হন। বৃষ্টির হাত থেকে বাঁচতে যাত্রীরা আশ্রয় নিলে একটি টিনের ঘরের ওপর পরপর বাজ পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন আসাদুল্লাহ সেখ (৮০), আনসার সেখ (৪৫), একরামুল শেখ (৭৫) এবং কচি সেখ (২৫)। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জঙ্গিপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং বাকিদের চিকিৎসা চলছে স্বরূপনগর হাসপাতালে।