অভিষেকের ভয়েস টেস্ট বিতর্ক, হাইকোর্টে কেন এত শোরগোল!

বিধানসভা নির্বাচনের প্রচারে বিতর্কিত মন্তব্যের জেরে সিআইডি-র তলব করা কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা বা ‘ভয়েস টেস্ট’ এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধাননগর নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি এই মামলা দায়ের করেছেন। আগামী সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চে এই বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।

নির্বাচনী প্রচারের একটি অডিও ক্লিপের সূত্র ধরে বিধাননগর সাইবার থানায় অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। এই মামলার তদন্তে ওই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য বিধাননগর আদালত সিআইডি-কে অনুমতি দেয়। নিম্ন আদালতের নির্দেশ অনুযায়ী ৩০ জুন ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক বিশেষজ্ঞের উপস্থিতিতে এই নমুনা সংগ্রহের কথা ছিল এবং সিআইডি আধিকারিকরা সংশ্লিষ্ট নোটিস অভিষেকের বাসভবনে পৌঁছে দেন। তবে হাইকোর্টে করা আবেদনে অভিষেকের আইনজীবীর যুক্তি, ওই অডিও ক্লিপের কণ্ঠস্বর যে তাঁরই, তা তিনি নিজেই স্বীকার করছেন। তাই কণ্ঠস্বর অস্বীকার না করা সত্ত্বেও কেন নতুন করে নমুনা গ্রহণের প্রয়োজন রয়েছে, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *