রেড অ্যালার্টে ৫ জেলা, দুর্যোগের মুখে ভাসবে কি দক্ষিণ?
আগামী সোমবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মৌসুমী অক্ষরেখা ও জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকলেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি বজায় থাকবে ভ্যাপসা গরম। আবহাওয়া খারাপ থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে শনি ও রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। এই সময়ে ওই জেলাগুলিতে বজ্রপাত ও ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় শহর কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গুমোট গরম অব্যাহত থাকবে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।