উত্তরবঙ্গে দুর্যোগের কালো মেঘ! জারি ‘রেড অ্যালার্ট’, বিচ্ছিন্ন কালিম্পং-সিকিম

টানা বর্ষণে উত্তরবঙ্গে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তোর্ষা, মহানন্দা ও তিস্তা নদীর জলস্তর বিপদসীমার দিকে এগিয়ে চলেছে। ধসের কারণে ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় কালিম্পং ও সিকিমের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতিরি মোকাবিলায় শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমগামী যানবাহনগুলোকে বাগরাকোট ও গোরুবাথান হয়ে ঘুরপথে পাঠানো হচ্ছে। এছাড়া বালসান নদীর জলস্তর বাড়ায় দুধিয়ায় অস্থায়ী ফুটব্রিজ সরিয়ে নেওয়া হয়েছে, যার ফলে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।

আবহাওয়া দপ্তর আগামী ১ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস দিয়েছে। এর মধ্যে ২৮ ও ২৯ জুন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে এবং বাকি দিনগুলোতে ‘কমলা সতর্কতা’ বহাল রয়েছে। ভুটান পাহাড়ে বৃষ্টি বাড়লে নিচু এলাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কার পাশাপাশি পাহাড়ে ধসের ঝুঁকি রয়েছে। জেলা প্রশাসন পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি হেল্পলাইন নম্বর চালু করেছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *