তৃণমূল নেতাদের ওপর ডিম-বর্ষণের হিড়িক! শীর্ষ নেতৃত্বের হুঁশিয়ারিও কি ব্যর্থ?
রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের লক্ষ্য করে ‘ডিম ছোড়া’ বা প্রতিবাদের এই ধারা অব্যহত রয়েছে। শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই ধরণের কর্মসূচিকে সমর্থনযোগ্য নয় বলে কঠোর সতর্কবার্তা দিলেও, বৃহস্পতি ও শুক্রবার খোদ তৃণমূল নেতাদের বিরুদ্ধেই এই বিক্ষোভের ঘটনা ঘটেছে। আউশগ্রাম, বারাসাত, কোচবিহার, আলিপুরদুয়ার ও ধূপগুড়ি—রাজ্যের বিভিন্ন জায়গায় কাটমানি ও দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। এই অশান্তি মোকাবিলায় রাজ্য প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং ভবিষ্যতে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে।
ঘটনাচক্রে আউশগ্রামে ধৃত প্রাক্তন ব্লক সভাপতি ও তাঁর ছেলেকে আদালতে নিয়ে যাওয়ার সময় নিরাপত্তার খাতিরে তাঁদের হেলমেট পরিয়ে নিয়ে যেতে হয়। অন্যদিকে, বারাসাতে প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়ি, কোচবিহারে তৃণমূল ওয়ার্ড সভাপতি এবং আলিপুরদুয়ার ও ধূপগুড়িতে যুব নেতা ও আবাস যোজনার দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের বাড়ি লক্ষ্য করেও ডিম ছোড়ার ঘটনা ঘটেছে। এর আগে নিউটাউনের দলীয় শিবিরে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন যে, ডিম ছোড়ার বদলে ডিএ বা কর্মসংস্থানের ইস্যুতে রাজনৈতিক জবাব দেওয়া উচিত, যে সুর শোনা গিয়েছিল শমীক ভট্টাচার্যের গলাতেও। তবে শীর্ষ নেতৃত্বের এমন বার্তার পরেও তৃণমূল নেতাদের অস্বস্তিতে ফেলে এই জনরোষ থামানো সম্ভব হয়নি।