বালিতে তৃণমূল নেতার বাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ, ডিমের বৃষ্টিতে দিশেহারা নেতা!
দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে হাওড়ার বালি এলাকা। শুক্রবার তৃণমূলের ব্লক সভাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওরফে সীতানাথের বাড়ির সামনে স্থানীয় বাসিন্দারা তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, প্রাণ বাঁচাতে অভিযুক্ত নেতা নিজের বাড়িতেই নিজেকে তালাবন্ধ করে ঘরবন্দি হতে বাধ্য হন। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি এই বিক্ষোভে বিজেপি কর্মী-সমর্থকরাও অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার এন পাল লেনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ শুরু হলে তিনি বাইরে বেরিয়ে আসেন। সেই সময় বিক্ষোভকারীরা তাঁর ওপর ডিম ছুড়তে শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত বাড়ির ভেতরে ঢুকে তিনি সদর দরজায় তালা লাগিয়ে দেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা বাড়ির দরজা ও দেওয়ালে ডিম ছুড়ে তা হলুদ করে দেন। অভিযুক্ত নেতার বিরুদ্ধে দীর্ঘদিনের দাদাগিরি, দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ তুলে এলাকাবাসী নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলেও এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।