বেজিংয়ে ভয়াবহ বিমান হামলা! সিটিক টাওয়ারে ধোঁয়া ও আতঙ্কের ছবি
চিনের রাজধানী বেজিংয়ের অন্যতম উঁচু বহুতল ‘চায়না জুন’ বা সিটিক টাওয়ারে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে একটি ছোট বিমান আছড়ে পড়েছে। ১,৭০০ ফুট উঁচু এই বহুতলের গায়ে ধাক্কা লাগার পর ‘সানওয়ার্ড এসএ ৬০এল অরোরা’ মডেলের বিমানটি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। এতে ভবনটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাইরের দিকের কাচ ও কাঠামো ভেঙে নিচে পড়ার খবর পাওয়া গেছে। বেজিংয়ের শিফোসি বিমানবন্দর থেকে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি তার নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে যায় এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
১০৯ তলা বিশিষ্ট এই টাওয়ারে অনেক কর্পোরেট অফিস থাকায় দুর্ঘটনার পর দ্রুত পুরো ভবনটি খালি করে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী, বিমানটিতে পাইলট একাই ছিলেন, তবে তাঁর বর্তমান অবস্থা কিংবা বহুতলের ভেতরে কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। চিনা প্রশাসন এই ঘটনাকে একটি দুর্ঘটনা হিসেবেই চিহ্নিত করেছে এবং ঠিক কী কারণে এই বিপর্যয় ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।