তারাতলায় বেআইনি গুদাম! দুর্নীতির অভিযোগে তোলপাড় পুরসভা
কলকাতা: তারাতলায় ভয়াবহ ভবন বিপর্যয়ের ঘটনায় কলকাতা পুরসভার বিরুদ্ধে উঠেছে গুরুতর গাফিলতির অভিযোগ। নিয়ম অনুযায়ী কোনো নির্মাণের জন্য বিল্ডিং প্ল্যানের পাশাপাশি স্ট্রাকচারাল প্ল্যান জমা দেওয়া বাধ্যতামূলক হলেও, তারাতলার ওই গুদামের ক্ষেত্রে তা করা হয়নি। অভিযোগ, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ভবিষ্যতে প্ল্যান জমা দেবেন—এই মর্মে একটি মুচলেকা নিয়ে পুরসভা ওই গুদামের নকশা অনুমোদন করেছিল। অথচ ‘বিল্ডিং রুলস সেভেন’ অনুযায়ী, স্ট্রাকচারাল প্ল্যান ছাড়া কোনো অবস্থাতেই বিল্ডিং প্ল্যান অনুমোদনের সুযোগ নেই। পাশাপাশি, নির্মাণের জন্য প্রয়োজনীয় সয়েল টেস্ট রিপোর্টও এই ক্ষেত্রে জমা দেওয়া হয়নি।
পুরসভার নথির সূত্র ধরে অভিযোগ উঠেছে যে, সংশ্লিষ্ট বিল্ডিং প্ল্যানে স্বাক্ষরকারী ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টদের অন্ধকারে রেখেই তড়িঘড়ি নির্মাণকাজ শুরু করেছিলেন প্রোমোটার। মূলত প্রোমোটার বা শিল্পপতিদের ব্যাংক থেকে ঋণ পাওয়ার সুবিধা করে দেওয়ার লক্ষ্যে করোনার সময় থেকেই স্ট্রাকচারাল প্ল্যান ছাড়াই বিল্ডিং প্ল্যান পাস করানোর এই অনিয়ম চলছি বলে দাবি করা হচ্ছে। এই অনৈতিক প্রক্রিয়ার জেরেই শেষ পর্যন্ত তারাতলায় বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।