২১ জুলাই এখন মমতার আদর্শহীন ইভেন্ট, বিস্ফোরক দাবির জেরে তোলপাড়!
দীর্ঘ ৩৩ বছর আগে ১৯৯৩ সালের ২১ জুলাই সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে ১৩ জন কর্মী নিহত হন। এই দিনটিকে ঘিরে প্রদেশ কংগ্রেস এবার তৃণমূলের বিরুদ্ধে ‘আদর্শহীন ইভেন্টে’ পরিণত করার অভিযোগ এনেছে। প্রদেশ কংগ্রেসের দাবি, তৃনমূল গঠনের পর থেকে এই দিনের মূল উদ্দেশ্য ও আদর্শ হারিয়ে গেছে। হারানো ঐতিহ্য পুনরুদ্ধার ও রাজনৈতিক প্রভাব ফিরে পেতে এবার দীর্ঘ ২৮ বছরের প্রথা ভেঙে বিধান ভবনের বদলে ধর্মতলার শহিদ মিনারে ২১ জুলাইয়ের কর্মসূচি পালন করতে চলেছে কংগ্রেস। এই কর্মসূচিতে সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকে উপস্থিত করার পরিকল্পনাও রয়েছে দলটির।
প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, এবারের কর্মসূচি কেবল শহিদ তর্পণ নয়, বরং সংবিধান রক্ষা, মূল্যবৃদ্ধি ও বেকারত্বের বিরুদ্ধে লড়াইকে আরও জোরালো করা। একইসঙ্গে, ১৯৯৩ সালের গুলিচালনার ঘটনার সত্য উদ্ঘাটনে তৎকালীন স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্তের ফাইল প্রকাশের দাবি তুলেছে কংগ্রেস। এই পরিস্থিতির মধ্যে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে ২৯ ও ৩০ জুন কলকাতা সফরে আসছেন এআইসিসি সাধারণ সম্পাদক কে. সি. বেণুগোপাল। ২১ জুলাইয়ের এই কর্মসূচিকে কেন্দ্র করে কংগ্রেস রাজ্য রাজনীতিতে শাসকদলের উপর নতুন করে চাপ তৈরির পাশাপাশি নিজেদের প্রাসঙ্গিকতা পুনরুদ্ধারের চেষ্টা করছে।