অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? জেনে নিন আবেদনের স্টেটাস দেখার সহজ উপায়!
ঘরে বসেই জানা যাবে অন্নপূর্ণা যোজনার আবেদনের বর্তমান অবস্থা
কলকাতা: অন্নপূর্ণা যোজনার আবেদনকারীরা এখন ঘরে বসেই নিজেদের আবেদনের বর্তমান অবস্থা ও টাকা পাওয়ার আপডেট জানতে পারবেন। রাজ্য সরকারের সোশ্যাল সিকিউরিটি পোর্টালে গিয়ে খুব সহজেই এই তথ্য পাওয়া যাচ্ছে। আবেদনকারীদের পোর্টালের ‘স্পেশ্যালাইজড ট্র্যাকিং’ অপশনে গিয়ে ‘ট্র্যাক অ্যাপ্লিকেশন স্টেটাস’ বাটনে ক্লিক করতে হবে। এরপর রেফারেন্স নম্বর, আধার নম্বর ও রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড প্রদান করলে আবেদনের বর্তমান পর্যায় সম্পর্কে জানা যাবে।
ওয়েবসাইটটিতে আবেদনের বিভিন্ন পর্যায় সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ থাকবে। যদি দেখা যায় ‘অ্যাপ্রুভড’ বা ‘ভেরিফায়েড’, তবে বুঝতে হবে নথিপত্র অনুমোদিত হয়েছে। ‘পেমেন্ট প্রসেসড’ মেসেজটির অর্থ হলো ডিবিটি (DBT) মাধ্যমে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া প্রশাসনিক যাচাই বাকি থাকলে ‘পেন্ডিং ভেরিফিকেশন’ এবং আবেদন বাতিল হলে ‘রিজেক্টেড’ দেখা যাবে। নবান্নের ঘোষণা অনুযায়ী, ইতিমধ্যে অনেকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছেছে এবং আগামী ১ জুলাই আরও একটি কিস্তি উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা হবে।