ইলন মাস্কের ঠিক পরেই যাদবপুরের প্রাক্তনী, দিনে আয় ২২ কোটি টাকা!
ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী প্রধান নির্বাহী আধিকারিক (সিইও) হিসেবে স্থান পেয়েছেন কলকাতার শঙ্খ মিত্র। তিনি বর্তমানে আমেরিকার অন্যতম বৃহৎ রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ‘ওয়েলটাওয়ার ইনকর্পোরেশন’-এর নেতৃত্ব দিচ্ছেন। এই তালিকায় টেসলার ইলন মাস্কের পরেই তাঁর অবস্থান। পরিসংখ্যান অনুযায়ী, শঙ্খ মিত্রের বার্ষিক পারিশ্রমিক প্রায় ৭,৭৫১ কোটি ৮৮ লক্ষ টাকা, যার মধ্যে ৯৯ শতাংশই আসে শেয়ারভিত্তিক লভ্যাংশ বা স্টক গ্রান্ট থেকে।
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জনের পর ২০০২ সালে প্রাইসওয়াটারহাউসকুপারসে (PwC) কর্মজীবন শুরু করেন শঙ্খ মিত্র। পরবর্তীতে আমেরিকার কলম্বিয়া বিজনেস স্কুল থেকে এমবিএ সম্পন্ন করে ২০০৯ সাল থেকে বিনিয়োগ ব্যবস্থাপনার জগতে নিজের অবস্থান তৈরি করেন। ২০১৬ সালে তিনি ওয়েলটাওয়ারে ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে যোগ দেন এবং অসামান্য দক্ষতার সুবাদে ২০২০ সালে মাত্র চার বছরের ব্যবধানে সংস্থার সিইও পদে উন্নীত হন।