রাজ্যে আসছে অভিন্ন দেওয়ানি বিধি, লভ ও ল্যান্ড জিহাদ নিয়ে হুঙ্কার দিলীপের!
দেশে চতুর্থ রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ সরকার অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) চালুর পরিকল্পনা করছে। রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত নতুন বিল আনা হতে পারে, যার মাধ্যমে সব ধর্মের মানুষের জন্য বিয়ে, বিবাহবিচ্ছেদ, জমি-সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত অভিন্ন নিয়ম কার্যকর হবে। এই আইনের ফলে নারী ও পুরুষের সমান অধিকার সুনিশ্চিত করার পাশাপাশি বহুবিবাহ প্রথা নিষিদ্ধ এবং ‘লিভ ইন’ সম্পর্ককে বাধ্যতামূলকভাবে আইনি নিবন্ধনের আওতায় আনা হবে।
এই প্রেক্ষাপটে বিজেপি নেতা দিলীপ ঘোষ অভিযোগ করেছেন যে, রাজ্যে সুপরিকল্পিতভাবে জনবিন্যাস পরিবর্তনের চক্রান্ত চলছে। তিনি দাবি করেন, ‘লভ জিহাদ’ ও ‘ল্যান্ড জিহাদ’-এর মাধ্যমে সামাজিক কাঠামো পরিবর্তন এবং অনুপ্রবেশকারীদের দ্বারা সরকারি জমি দখলের চেষ্টা করা হচ্ছে। তাঁর মতে, পশ্চিমবঙ্গে হিন্দু সমাজ বর্তমানে বিপন্ন এবং এই সামাজিক ব্যাধি রুখতে ও অনুপ্রবেশকারীদের বেআইনি সুবিধা বন্ধ করতে কঠোর আইনের সুরক্ষা কবচ অপরিহার্য।