ছাগল বিক্রেতা থেকে ৬৪ বিঘার রাজপ্রাসাদ, পলাতক তৃণমূল নেতার কীরপ্তিতে তোলপাড় রাজ্য!
দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন সংলগ্ন গোসাবা ব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি সুবিদ আলি ঢালি ওরফে ঝড়োর বিরুদ্ধে বেআইনিভাবে বিপুল সম্পত্তি অর্জন এবং এলাকাবাসীর ওপর নানা অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে আসায় এলাকায় তীব্র আলোড়ন তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনের পর থেকে তিনি পলাতক থাকলেও তাঁর গড়ে তোলা সম্পত্তির বিশাল খতিয়ান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার, সরকারি প্রকল্পের ‘কাটমানি’, তোলাবাজি এবং জোরপূর্বক জমি ও ভেড়ি দখলের মাধ্যমে তিনি এই অঢেল সম্পদের মালিক হয়েছেন।
প্রাথমিক জীবনে সাধারণ পশু ব্যবসায়ী থাকলেও, রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে তাঁর ভাগ্যের দ্রুত পরিবর্তন ঘটে এবং তিনি স্থানীয়ভাবে প্রভাবশালী হয়ে ওঠেন। বর্তমানে তাঁর মালিকানাধীন সম্পত্তির মধ্যে ৬৪ বিঘা জমি, বিলাসবহুল বাগানবাড়ি ও রাজপ্রাসাদ এবং বিশালাকার মৎস্যচাষের ভেড়ি রয়েছে। পাশাপাশি কলকাতা ও পার্শ্ববর্তী শহরতলিতেও তাঁর একাধিক বাড়ির সন্ধান মিলেছে। এছাড়া, স্থানীয় নারীদের বিয়ে করে তাঁদের সম্পত্তি গ্রাস করা এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর নির্যাতনের মতো গুরুতর অভিযোগও তাঁর বিরুদ্ধে উঠেছে। বর্তমানে ভোট-পরবর্তী হিংসার মামলায় অভিযুক্ত এই নেতার খোঁজে পুলিশি তল্লাশি চলছে।