বাড়ি ফিরতেই তৃণমূল নেতাকে জুতোপেটা, গোঘাটে তীব্র উত্তেজনা!
হুগলির গোঘাটে দীর্ঘদিন এলাকাছাড়া থাকার পর শনিবার ফিরে আসার পরপরই স্থানীয় বাসিন্দাদের তীব্র গণরোষের মুখে পড়লেন তৃণমূল নেতা গৌতম পাত্র। এলাকা ফেরার খবর পেয়েই স্থানীয় মহিলারা তাঁর ওপর চড়াও হন। প্রাণ বাঁচাতে ওই তৃণমূল নেতা একটি স্কুলঘরে আশ্রয় নিলেও উত্তেজিত জনতা তাঁকে সেখান থেকে বের করে জুতোপেটা করে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের অভিযোগ, ২০২১ সালের নির্বাচন-পরবর্তী সময় থেকেই গৌতম পাত্রের বিরুদ্ধে রাজনৈতিক হিংসা, নারীদের ওপর নির্যাতন, ঘরবাড়ি ভাঙচুর এবং সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে। এমনকি সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের আগেও তিনি বাসিন্দাদের হুমকি দিয়েছিলেন বলে জানা গেছে। নির্বাচনের পর গণপিটুনির ভয়ে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। অন্যদিকে, এই ঘটনাকে তৃণমূলের দুর্নীতি ও অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার পরিবর্তে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। বিশ্লেষকদের মতে, শাসকদলীয় নেতাদের ওপর এ ধরনের ধারাবাহিক জনরোষ প্রশাসন ও আইনশৃঙ্খলার জন্য বড় সতর্কবার্তা।