ভাঙচুর করলেই মোটা টাকা জরিমানা, সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন ‘গুণ্ডা বিল’!
কলকাতা: রাজনৈতিক মিছিল, দাঙ্গা বা অবরোধের নামে সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর রুখতে কড়া আইনি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। সোমবার বিধানসভায় পেশ করা হতে চলেছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অব পাবলিক অর্ডার (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’। এই বিল পাশ হলে সম্পত্তি নষ্টকারীরা শুধু কারাদণ্ডই পাবেন না, তাঁদের মোটা অঙ্কের ক্ষতিপূরণও দিতে হবে। এর মাধ্যমে ভাঙচুরকারীদের পাশাপাশি যারা এই ধরনের ঘটনা উস্কে দিয়েছেন, সংগঠিত করেছেন বা আর্থিক মদত দিয়েছেন, তাঁদেরও সমানভাবে দায়ী করা হবে।
প্রস্তাবিত বিল অনুযায়ী, ক্ষতির পরিমাণ নির্ধারণ ও টাকা আদায়ের জন্য একটি বিশেষ ‘ক্লেমস কমিশন’ গঠন করা হবে। এই কমিশন বাজারদরের ভিত্তিতে ক্ষতিপূরণ ধার্য করবে এবং চাইলে এর দ্বিগুণ পর্যন্ত ‘দৃষ্টান্তমূলক’ ক্ষতিপূরণ ও সুদ আরোপ করতে পারবে। কমিশনের এই সিদ্ধান্তই হবে চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আদালতে কোনো আপিল করা যাবে না। অভিযুক্ত ক্ষতিপূরণ দিতে অস্বীকার করলে সরকার ‘বকেয়া ভূমি রাজস্ব’ হিসেবে তা আদায় করবে, যার জন্য প্রয়োজনে সম্পত্তি বাজেয়াপ্ত করারও সংস্থান রাখা হয়েছে। মূলত রাজনৈতিক অস্থিরতা বা প্রতিবাদের নামে সরকারি ও ব্যক্তিগত সম্পত্তিতে হামলার ঘটনা নিয়ন্ত্রণে আনতেই সরকার এই কঠোর আইনের পথে হাঁটছে।