ব্রিটেনে জন্মদিনের পার্টিতে গিয়েই রহস্যমৃত্যু, শোকের ছায়া পরিবারে!
ব্রিটেনের ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়তে যাওয়া তেলঙ্গনার ২৫ বছর বয়সী যুবক শ্রীনাথ রেড্ডি সাভুসানির রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ২২ জুন রাতে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে যোগ দিয়ে সেখানে রাতে থাকার পর, পরদিন সকালে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে স্থানীয় পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।
বাবা-মায়ের একমাত্র সন্তান শ্রীনাথকে হারিয়ে শোকস্তব্ধ তাঁর পরিবার। উচ্চশিক্ষার জন্য নেওয়া এডুকেশন লোনের চাপে থাকা পরিবারটির পক্ষে দেহ দেশে ফিরিয়ে আনার আর্থিক সামর্থ্য নেই। এই পরিস্থিতিতে মানবিকতার খাতিরে প্রবাসী তেলেগু সম্প্রদায় ‘গোফান্ডমি’ (GoFundMe) প্ল্যাটফর্মে চাঁদা তোলা শুরু করেছেন। পাশাপাশি মৃতদেহ দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার সঠিক তদন্তের দাবিতে পরিবারটি কেন্দ্র ও তেলঙ্গনা সরকারের কাছে আবেদন জানিয়েছে।