তারাতলা বিপর্যয়: ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ, নজরে যাদবপুরের বিশেষজ্ঞ দল!
তারাতলা বিপর্যয়কাণ্ডে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে সিট
কলকাতা: তারাতলা বিপর্যয়কাণ্ডের তদন্তে এবার কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের নাম জড়াল। ঘটনার পর শনিবার তারাতলা থানায় ফিরহাদ হাকিম এবং তাঁর ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর আনোয়ার খান ও শামস ইকবালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ভারতীয় জনতা মজদুর সেল (বিজেএমসি)। সংগঠনের অভিযোগ, কলকাতা পোর্ট এলাকায় সক্রিয় বেআইনি নির্মাণ চক্রে প্রাক্তন মেয়র ও তাঁর ঘনিষ্ঠদের মদত রয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যের বর্তমান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ফিরহাদ হাকিমের গ্রেপ্তারি দাবি করেছেন। এদিকে, বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই দাবি করেছিলেন যে, ওই গোডাউনের বিল্ডিং প্ল্যানে ফিরহাদ হাকিমের স্বাক্ষর রয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, তৎকালীন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে জেরায় ‘টিম ওয়ার্ক’-এর সূত্র পাওয়ার পর প্রয়োজনে ফিরহাদ হাকিমকেও জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে।
ঘটনার তদন্তে ইতিমধ্যে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। প্রযুক্তিগত দিক খতিয়ে দেখতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল অকুস্থলে পৌঁছে নির্মাণের নকশা, উপকরণের গুণমান ও মাটির নমুনা পরীক্ষা শুরু করেছে। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, বিল্ডিং নির্মাণে আইন ভেঙে কংক্রিটের পিলারের পরিবর্তে লোহার পোস্ট ব্যবহার করা হয়েছিল এবং অনুমোদিত সীমার বাইরে লিজের শর্ত লঙ্ঘন করে নির্মাণকাজ চলছিল। এই মামলায় ‘বেহরা ব্রাদার্স’-এর মালিক শম্ভুনাথ বেহরাসহ ইতিমধ্যে মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিট এখন ধৃতদের বয়ান ও বাজেয়াপ্ত নথির ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে।