ইরান-আমেরিকার ভয়াবহ সংঘাত! কুয়েত ও বাহরিনে মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা
ইরানকে ‘নিঃশেষ’ করে দেওয়ার হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই কুয়েত ও বাহরিনে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। রবিবার ভোরে চালানো এই হামলার জেরে পশ্চিম এশিয়ায় নতুন করে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে শনিবার রাতে ইরানের দক্ষিণের সিরিক শহরে আমেরিকার মিসাইল হামলায় ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমসহ একাধিক সামরিক পরিকাঠামো ধ্বংস হয়। আমেরিকার সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দাবি, যুদ্ধবিরতির শর্ত ভেঙে সিঙ্গাপুর ও পানামার পতাকাবাহী দুটি তেলবাহী জাহাজে ইরানের ড্রোন হামলার জবাবেই তারা এই প্রত্যাঘাত করেছে।
পাল্টা হামলার পর ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম আল-ফিকার হুমকি দিয়ে জানান, তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। হামলার প্রতিক্রিয়ায় বাহরিনের আকাশসীমায় ইরানের বেশ কয়েকটি ড্রোন অনুপ্রবেশ করেছে বলে দেশটির বিদেশ মন্ত্রক জানিয়েছে। অন্যদিকে, কুয়েত সেনাবাহিনীর দাবি, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম শত্রুপক্ষের মিসাইল ও ড্রোন প্রতিহত করেছে। তবে এই হামলার বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।