৮০০ ফুট খাদে বাস, শিক্ষক-শিশুসহ মৃত ৯!
তামিলনাড়ুর ওয়ালপারাই ঘাটে পর্যটকবাহী একটি ভ্যান ৮০০ ফুট গভীর খাদে পড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কেরলের মালাপ্পুরম জেলার নরিপট্টু সরকারি স্কুলের সাতজন শিক্ষক ও ১২ বছর বয়সী এক কিশোর রয়েছেন। ভ্যানটি পাহাড়ি পথের ১৩ নম্বর হেয়ারপিন বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং গড়িয়ে ৯ নম্বর বাঁকে গিয়ে আটকে যায়। এই দুর্ঘটনায় আহত অপর তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় কোয়েম্বাটুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পাহাড়ি ঢাল দিয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, চালকের অসতর্কতা এবং পাহাড়ি রাস্তায় ‘ইঞ্জিন ব্রেকিং’ ব্যবহার না করে কেবল সাধারণ ব্রেক বা ক্লাচের ওপর নির্ভর করার কারণে এই প্রাণহানি হতে পারে। স্থানীয়দের মতে, ৯ নম্বর বাঁকে গাড়িটি আটকে না গেলে নিচে ঘন জঙ্গল থাকায় উদ্ধারকাজ চালানো আরও কঠিন হয়ে পড়ত। এ ঘটনার পর পর্যটকদের পাহাড়ি পথে যাতায়াতের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন ট্রাফিক বিশেষজ্ঞরা।