বিশ্বমঞ্চে ভারতের ঐতিহাসিক জয়, এফএটিএফ-এর সহ-সভাপতি বিবেক আগরওয়াল!

আন্তর্জাতিক অর্থব্যবস্থায় কালো টাকা সাদা করা ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধে কর্মরত প্রভাবশালী সংস্থা ‘ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স’ বা এফএটিএফ-এর (FATF) সহ-সভাপতি হিসেবে নিযুক্ত হলেন প্রবীণ ভারতীয় আমলা বিবেক আগরওয়াল। শুক্রবার প্যারিসে আয়োজিত সংস্থার সদর দফতরের এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। এফএটিএফ-এর শীর্ষ পর্যায়ে ভারতের কোনো প্রতিনিধির এটিই প্রথম অন্তর্ভুক্তি, যা বিশ্বমঞ্চে ভারতের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

১৯৯৪ সালের মধ্যপ্রদেশ ক্যাডারের আইএএস কর্মকর্তা বিবেক আগরওয়াল আগামী ২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন মাস পর্যন্ত এক বছর মেয়াদে এই দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান সহ-সভাপতি ব্রিটেনের জাইলস থমসনের স্থলাভিষিক্ত হবেন। বর্তমানে কেন্দ্রীয় সংস্কৃতি সচিব হিসেবে কর্মরত বিবেক আগরওয়াল এর আগে অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগের অতিরিক্ত সচিব এবং দেশের আর্থিক গোয়েন্দা শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এফএটিএফ-এর ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা ও নীতি নির্ধারণে তাঁর দক্ষতাকে এই নিয়োগের মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *