রাস্তায় নিরাপদে হাঁটা এবার নাগরিকদের মৌলিক অধিকার, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের!

ফুটপাত ব্যবহার করে পথচারীদের নিরাপদে চলাচলের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোনো নাগরিক এই অধিকার থেকে বঞ্চিত হলে তিনি প্রশাসনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়ে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। কলকাতা-সহ দেশের বড় শহরগুলোতে ফুটপাত দখল ও হকার উচ্ছেদ নিয়ে চলমান বিতর্কের আবহে শীর্ষ আদালতের এই রায়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে গণ্য করা হচ্ছে।

একটি দুর্ঘটনার মামলার শুনানিতে আদালত জানায়, সংবিধানের ১৯(১)(ডি) ও ২১ নম্বর ধারার সমন্বয়ে পথচারীদের নিরাপদ চলাচলের অধিকার নিশ্চিত করা হয়েছে। প্রশাসনের দায়িত্ব কেবল রাস্তা তৈরি করা নয়, বরং ফুটপাত নির্মাণ ও তা চলাচলের উপযোগী রাখা স্থানীয় প্রশাসন ও পুরসভার আইনি বাধ্যবাধকতা। নতুন রাস্তা তৈরির সময় ফুটপাত নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্যকে একটি বিশেষ নিয়ন্ত্রক সংস্থা গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।

বর্তমানে মেট্রো শহরগুলোতে ফুটপাত দখলের কারণে পথচারীদের মূল রাস্তায় চলাচলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। শীর্ষ আদালত একই সাথে সংবিধানের ২১ নম্বর ধারার অধীনে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার অধিকারকেও স্বীকৃতি দিয়েছে। ফলে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হকারদের পুনর্বাসন দিয়ে জীবিকার অধিকার রক্ষা করা এখন রাজ্য ও পুর প্রশাসনের কাছে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *