বিদেশের বাজারে মালদহের আমের জয়জয়কার, লাভবান চাষিরা!
বিশ্বমঞ্চে মালদহের আমের জয়জয়কার, রপ্তানি হলো ৬ মেট্রিক টন
মালদহের সুস্বাদু লক্ষ্মণভোগ ও আম্রপলি আম এখন ইতালির মিলান থেকে শুরু করে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বাজারে সমাদৃত হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চাহিদার জেরে জোরকদমে শুরু হয়েছে রপ্তানি প্রক্রিয়া। এর মধ্যে ১,৫০০ কেজি উচ্চমানের আম্রপলি ও লক্ষ্মণভোগসহ এখন পর্যন্ত মোট ৬ মেট্রিক টন আম বিদেশে পাঠানো হয়েছে।
আম চাষি ও ব্যবসায়ীদের সুবিধার্থে মালদহ জেলা প্রশাসন ‘আমার মালদা’ নামে একটি বিশেষ কর্মসূচি শুরু করেছে। এই প্রকল্পের লক্ষ্য হলো আমের উৎপাদন থেকে শুরু করে রপ্তানি পর্যন্ত পুরো প্রক্রিয়াটিকে একটি সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনা। মালদহের জেলাশাসক রজনবীর সিং কাপুর জানান, উপযুক্ত বিপণনের অভাবে এতদিন চাষিরা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, তবে বিশ্ববাজারে নতুন এই প্রবেশদ্বার খোলার ফলে তাঁদের আয় বাড়বে এবং ভবিষ্যতে এই উদ্যোগের পরিধি আরও বৃদ্ধি করা হবে।