তারাতলা কাণ্ড, প্ল্যানে সই মানেই কি দায় মুক্তি?
কলকাতা: তারাতলায় গোডাউন ভেঙে পড়ার ঘটনায় বিধানসভায় রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে। এই বিপর্যয়ের দায় সরাসরি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওপর চাপিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে, এই নির্মাণে ত্রুটিপূর্ণ বিল্ডিং প্ল্যানে ফিরহাদ হাকিমের সই রয়েছে। পাল্টা জবাবে এই অভিযোগ নস্যাৎ করে ফিরহাদ হাকিম জানিয়েছেন, প্রশাসনিক রীতি অনুযায়ী কমিশনারের মাধ্যমে আসা ফাইলে মেয়র কেবল স্বাক্ষর করেন, যার অর্থ এই নয় যে তিনি ব্যক্তিগতভাবে নকশা বা প্রযুক্তিগত দিক যাচাই করেছেন।
নিজের সাফাইয়ে ফিরহাদ হাকিম দাবি করেন, পুরসভার নিয়ম অনুযায়ী কোনো নির্মাণের নকশা যাচাই বা অনুমোদনের দায়িত্ব ‘বিল্ডিং ডিপার্টমেন্ট’ এবং ‘মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটি’র কারিগরি বিশেষজ্ঞদের। এদিকে, এই বিপর্যয়ের পেছনে যাঁদেরই গাফিলতি থাকবে, কাউকে রেয়াত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, দোষীদের জেল হওয়ার পাশাপাশি নতুন আইন প্রণয়ন করে তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। তবে বিধানসভায় এই অভিযোগ-পাল্টা অভিযোগ চললেও, তারাতলায় উদ্ধারকাজের গতি নিয়ে রাজ্য সরকারের প্রশংসা করেছেন ফিরহাদ হাকিম।