পাটুলিতে ফের হেনস্তার শিকার অভিনেত্রী রূপা ভট্টাচার্য, আতঙ্কে এলাকাবাসী!

কলকাতার পাটুলি এলাকায় প্রকাশ্য দিবালোকে পরপর দুদিন শারীরিক আক্রমণ ও হেনস্তার শিকার হয়েছেন টলিউড অভিনেত্রী রূপা ভট্টাচার্য। নিজের এলাকায় ঘটা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তিনি পাটুলি থানায় অভিযোগ দায়ের করেছেন এবং সোশ্যাল মিডিয়াতেও নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী, গত বুধবার সন্ধ্যায় আর ব্লকে সাইকেল আরোহী এক যুবক তাকে অনুসরণ করে এবং শারীরিকভাবে হেনস্তার চেষ্টা করে। আত্মরক্ষার সময় তিনি আঘাত পান। থানায় অভিযোগ জানাতে গিয়ে অভিনেত্রী জানতে পারেন, আগের দিনও এক তরুণী একইভাবে হেনস্তার শিকার হয়েছেন। এর রেশ কাটতে না কাটতেই শুক্রবার সন্ধ্যায় টি ব্লকের কাছে এক বাইক আরোহী ডেলিভারি বয় তাকে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করার চেষ্টা করে এবং গালিগালাজ ও হুমকি দেয়।

দীর্ঘ চার বছর ধরে পাটুলির বাসিন্দা রূপা ভট্টাচার্যের দাবি, সম্প্রতি বহিরাগতদের আনাগোনা ও অস্বস্তিকর জটলা বাড়ার কারণে এলাকার আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। এমন ধারাবাহিক অপরাধ নারী নিরাপত্তা নিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়ে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *