মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ, গুজরাত থেকে গ্রেপ্তার যুবক!
মুখ্যমন্ত্রীকে নিয়ে সমাজমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে শেখ আব্দুল (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তমলুক থানার ধলহরা এলাকার বাসিন্দা ওই যুবক ‘শেখ সাহিল’ নামের একটি ফেসবুক প্রোফাইল ব্যবহার করে দীর্ঘ দিন ধরে মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করছিলেন বলে অভিযোগ। এ ঘটনায় গত ১৯ জুন তমলুক থানায় পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা রুজু করা হয়।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত ওই যুবক কর্মসূত্রে গুজরাতের আহমেদাবাদে থাকতেন। মোবাইল টাওয়ার লোকেশনের মাধ্যমে তাঁর অবস্থান নিশ্চিত করার পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তমলুকে ফিরিয়ে আনা হয়। বুধবার রাতে তমলুক থানার আইসি পবিত্র গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃতকে তমলুক আদালতে তোলা হলে বিচারক তাঁকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বর্তমানে বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত চলছে।