খেলার ছলে নৃশংসতা! জয়নগরে এগারো বছরের শিশুকে উল্টো ঝুলিয়ে অত্যাচার

জয়নগরে নাবালককে বিবস্ত্র করে অমানবিক নির্যাতনের অভিযোগ, পলাতক অভিযুক্ত

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে খেলার ছলে গায়ে লাঠি লাগার ‘অপরাধে’ এগারো বছরের এক নাবালককে বিবস্ত্র করে আড়কাঠের সঙ্গে উল্টো ঝুলিয়ে মারধরের ঘটনা প্রকাশ্যে এসেছে। পূর্ব চন্দনেশ্বর গ্রামের পঞ্চম শ্রেণীর ছাত্র জয় শিকারি বন্ধুদের সঙ্গে খেলার সময় প্রতিবেশী তপন হালদারের গায়ে অসাবধানবশত লাঠি লাগিয়ে ফেলে। অভিযোগ, এতেই ক্ষিপ্ত হয়ে প্রতিবেশী তপন হালদার শিশুটিকে প্রকাশ্যে কান ধরে ওঠবোস করানোর পর নিজের বাড়িতে তুলে নিয়ে যান। সেখানে শিশুটির পরনের পোশাক খুলে পা বেঁধে ঘরের আড়কাঠের সঙ্গে উল্টো ঝুলিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। এই নির্যাতনের সময় অভিযুক্তের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এবং ঘটনার ভিডিও রেকর্ড করেন বলে অভিযোগ।

নির্যাতনের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়, যা নিয়ে রাজ্যজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বর্তমানে নির্যাতিত শিশুটি শারীরিক আঘাতের যন্ত্রণায় কাতর এবং মানসিকভাবে ভেঙে পড়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত তপন হালদার সপরিবার পলাতক রয়েছেন। এদিকে, পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও শিশুর পরিবার। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের ধরতে তল্লাশি চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *