‘লাভ ও ল্যান্ড-জিহাদ’ রুখতে রাজ্যে কড়া আইন, হুঙ্কার শুভেন্দুর!
রাজ্যে ‘লাভ জিহাদ’ ও ‘ল্যান্ড-জিহাদ’ রুখতে কঠোর আইনের ঘোষণা মুখ্যমন্ত্রীর
কলকাতা: রাজ্যে ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড-জিহাদ’-এর মতো ঘটনা মোকাবিলায় রাজ্য সরকার শীঘ্রই একটি কঠোর আইন আনতে চলেছে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার রবীন্দ্র সদনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মজয়ন্তী ও ‘বন্দে মাতরম্’-এর ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেন, রাজ্যে কোনো অবস্থাতেই রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে রাজ্য পরিচালিত হবে।
অনুষ্ঠানে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালু করা এবং ‘হিন্দু হোমল্যান্ড’ সুরক্ষার ওপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী জানান, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে এবং তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। একইসঙ্গে রাজ্যের স্কুলগুলিতে ‘বন্দে মাতরম্’ গাওয়া বাধ্যতামূলক করার পাশাপাশি গুন্ডাদমনে কঠোর অবস্থান নেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। এ ছাড়া, সংশোধনী নাগরিকত্ব আইনের (CAA) মাধ্যমে শরণার্থীদের নাগরিকত্ব প্রদান এবং জরুরি অবস্থার সময় লড়াই করা ব্যক্তিদের ৯ আগস্ট বিশেষ সম্মানে ভূষিত করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সীমান্ত সুরক্ষার স্বার্থে বিএসএফ-কে জমি দেওয়ার বিষয়েও সরকার আপসহীন বলে তিনি পুনরায় উল্লেখ করেন।