স্কুলের বইয়ে জয়গান নাকি বিতর্ক, পাঠ্যপুস্তকের নতুন সূচি নিয়ে তোলপাড়!
এনসিইআরটি (NCERT)-র নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের নতুন পাঠ্যবইয়ে নির্বাচন কমিশনের ‘স্পেশাল ইনটেন্সিভ রিভিশন’ (SIR) বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এই পাঠ্যপুস্তকে নির্বাচনী পদ্ধতির ব্যাখ্যাসহ কমিশনের ভূমিকা ও দায়িত্বের বিশদ বর্ণনা দেওয়া হয়েছে। গত বছর পশ্চিমবঙ্গ, বিহার ও কেরালাসহ একাধিক রাজ্যে ভোটার তালিকা সংশোধনের সময় ঘটা বিভিন্ন অভিজ্ঞতার প্রেক্ষিতে পাঠ্যসূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।
পাঠ্যবইয়ে এই অন্তর্ভুক্তিতে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির মুখপাত্র আর পি সিং এই উদ্যোগকে স্বাগত জানিয়ে একে গণতন্ত্রের প্রক্রিয়া বোঝার জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে, তৃণমূল সাংসদ সৌগত রায় এই পদক্ষেপের কঠোর সমালোচনা করে বিতর্কের বিষয়টি পাঠ্যপুস্তকে জায়গা দেওয়াকে ভুল সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন। এর আগে এনসিইআরটি-র সিলেবাসে ১৯৭৫ সালের জরুরি অবস্থার ইতিহাস যুক্ত করা নিয়েও রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছিল।