স্কুলবাড়িতে ইলিশের ভোজ, খুদেদের খুশিতে মাতল রূপোলি ইলিশ উৎসব!
June 29, 2026
ফলতার হরিশপুর ফ্রি প্রাইমারি স্কুলের মিড ডে মিলের মেনুতে এল এক ব্যতিক্রমী পরিবর্তন। প্রথাগত ডাল-তরকারি বা ডিমের ঝোলের পরিবর্তে স্কুলের খুদে পড়ুয়াদের দুপুরের খাবারে পরিবেশন করা হয়েছে টাটকা ইলিশ ভাজা। মরশুমের প্রথম ইলিশের স্বাদ দিতে স্কুলের টিআইসি মনীশ চক্রবর্তীর উদ্যোগে এই বিশেষ ‘ইলিশ উৎসবের’ আয়োজন করা হয়, যা ঘিরে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়েছে।
এই অভিনব আয়োজনের বিষয়ে স্কুলের টিআইসি মনীশ চক্রবর্তী জানান, মিড ডে মিলের মেনুকে আরও আকর্ষণীয় ও আনন্দদায়ক করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। স্কুলের এই বিশেষ পদ পরিবেশনের ব্যবস্থাপনায় পড়ুয়া ও অভিভাবক উভয়েরই ইতিবাচক সাড়া পাওয়া গেছে। ভবিষ্যতে বিদ্যালয় প্রাঙ্গণে এমন উৎসব আরও আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।