কেতন হত্যা মামলায় এবার লড়বেন সেই বিখ্যাত আইনজীবীই!

মহারাষ্ট্রের পুনেতে কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির লক্ষ্যে ২৬/১১ মুম্বই হামলা মামলার প্রবীণ আইনজীবী উজ্জ্বল নিকামকে বিশেষ সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিহত কেতনের বাবার সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস এই নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন এবং মামলাটি ফাস্ট-ট্র্যাক আদালতে পরিচালনার আবেদন গ্রহণ করেছেন। আইন ও বিচার দফতরের সচিবকে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে এবং আইনজীবী উজ্জ্বল নিকাম এই দায়িত্ব পালনে সম্মতি জানিয়েছেন।

গত ১৮ জুন পুনের লোহাগড় দুর্গে ঘুরতে গিয়ে ২৫ বছর বয়সি কেতন আগরওয়ালকে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়। তদন্তকারী পুলিশের তথ্য অনুযায়ী, এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত নিহত কেতনের হবু স্ত্রী সিয়া গোয়েল এবং তার প্রেমিক চেতন চৌধুরী। আগামী নভেম্বরে কেতন ও সিয়ার বিয়ের কথা থাকলেও সেই বিয়ে এড়াতেই অভিযুক্তরা এই সুপরিকল্পিত হত্যাকাণ্ডের ছক কষেছিলেন বলে পুলিশের দাবি। এই নৃশংস ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস তরুণ প্রজন্মের মধ্যে ক্রমবর্ধমান অপরাধপ্রবণতা ও সহিংস মানসিকতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *