লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক, বিচ্ছিন্ন শিলিগুড়ি ও সিকিম!
পাহাড়ে লাগাতার ভারী বৃষ্টির জেরে ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন অংশে ভয়াবহ ধস নেমেছে। বৃহস্পতিবার ভোরে সেবক কালীমন্দির ও করোনেশন সেতুর মাঝে বাঘপুল সংলগ্ন এলাকায় পাহাড় থেকে বিপুল পরিমাণ মাটি ও পাথর রাস্তায় আছড়ে পড়ায় সিকিম, কালিম্পং এবং ডুয়ার্সের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাহাড়ের প্রধান লাইফলাইন হিসেবে পরিচিত এই রাস্তায় যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
পরিস্থিতি মোকাবিলায় দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসন দ্রুত বিকল্প যাতায়াত ব্যবস্থার নির্দেশ দিয়েছে। প্রশাসন জানিয়েছে, কালিম্পং ও সিকিম থেকে শিলিগুড়িগামী সমস্ত গাড়িকে করোনেশন ব্রিজ থেকে গজলডোবার রাস্তা দিয়ে যেতে হবে। এছাড়া যানজট এড়াতে সিকিম ও কালিম্পং থেকে রংপো হয়ে আসা গাড়িগুলোকে মনসং, লাভা, গরুবাথান, ওদলাবাড়ি এবং গজলডোবা রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তা মেরামতের কাজ চললেও নতুন করে ধসের আশঙ্কায় গোটা এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন।