৯৪ বছর বয়সে মার্কিন নাগরিকত্ব ত্যাগ, শিকড়ের টানে ফিরছেন এই বৃদ্ধা!
বিদেশের বিলাসবহুল জীবন ও উন্নত নাগরিকত্ব ত্যাগ করে নিজের শিকড়ে ফেরার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন অন্ধ্রপ্রদেশের ৯৪ বছর বয়সি বৃদ্ধা কোন্দ্রাগুন্তা মহালক্ষমাম্মা। জন্মভূমিতে ফিরে এসে জীবনের শেষ দিনগুলো কাটানো এবং ভারতেই শেষকৃত্য সম্পন্ন করার প্রবল ইচ্ছায় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করে ভারতীয় নাগরিকত্ব ফিরে পাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছেন।
অন্ধ্রপ্রদেশের চিন্তাগুম্পালা গ্রামে জন্ম নেওয়া মহালক্ষমাম্মা স্বামীর মৃত্যুর পর পরিস্থিতির চাপে যুক্তরাষ্ট্রে বসবাসরত ছেলের কাছে চলে যান এবং ২০০০ সালে সেখানকার নাগরিকত্ব গ্রহণ করেন। তবে জন্মভূমির প্রতি টান অনুভব করায় ২০১৮ সালে তিনি নিজ গ্রামে ফিরে আসেন। বর্তমানে তিনি পুনরায় ভারতীয় নাগরিক হওয়ার আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং প্রয়োজনীয় নথিপত্র বাপ্তালার জেলা কালেক্টর ভি বিনোদ কুমারের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠিয়েছেন।